তেল ছাড়াও ইরানের যে গুরুত্বপূর্ণ সম্পদের দখল নিতে চান ট্রাম্প

 

তেলের পর এবার ইরানের পরমাণু ভাণ্ডারে ট্রাম্পের নজর

ইরানের জ্বালানি তেলের প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশের পর এবার আরও বড় এক সামরিক পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যমতে, ট্রাম্পের লক্ষ্য এখন কেবল তেল নয়, বরং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার দখল করা।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ সামরিক অভিযানের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। এই অভিযানটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ, কারণ এটি সফল করতে মার্কিন কমান্ডো বাহিনীকে সরাসরি ইরানের ভূখণ্ডের ভেতরে ঢুকে বেশ কয়েক দিন অবস্থান করতে হতে পারে। মূলত ইসফাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে সংরক্ষিত বোমা তৈরির উপযোগী পারমাণবিক উপাদানগুলো জব্দ বা ধ্বংস করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে প্রধান লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দৌড় থেকে চিরতরে ছিটকে দেওয়া। তিনি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিতে চান, যেটিকে তিনি ভেনেজুয়েলার ‘তেল রাজনীতির’ সাথে তুলনা করেছেন। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এবং ইউরেনিয়াম জব্দ করার এই দ্বিমুখী পরিকল্পনা মধ্যপ্রাচ্যে এক চরম উত্তেজনা ও নতুন সমীকরণ তৈরি করেছে। পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, ট্রাম্প এই কঠিন ঝুঁকি নিতে মানসিকভাবে প্রস্তুত বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post