বাসের তেল শেষ, রেললাইনে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে বিশ্রাম নিতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় যমুনা সেতু সংলগ্ন রেললাইনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং একটি শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি তেল শেষ হয়ে গেলে চালক বাসটি মহাসড়কের পাশে থামান। দীর্ঘ সময় অপেক্ষার কারণে বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় তারা লাইনে কাটা পড়েন। রেল পুলিশের ধারণা, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
যমুনা সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম এবং টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
