ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের

 

মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ফ্রান্স ও স্পেন: ক্ষুব্ধ ট্রাম্প

মার্কিন যুদ্ধবিমানকে ইসরায়েলে যাওয়ার পথে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ফ্রান্সের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, একটি উচ্চপর্যায়ের ইরানি কর্মকর্তাকে লক্ষ্য করে চলা অভিযানের সময় ফ্রান্সের এই ‘অসহযোগী’ আচরণ যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে বাধাগ্রস্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ইরান কেন্দ্রিক চলমান উত্তজনা শুরুর পর এই প্রথম ফ্রান্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান নিল।

ফ্রান্সের পাশাপাশি স্পেনও মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস স্পষ্ট করেছেন যে, ইরান সংশ্লিষ্ট কোনো যুদ্ধ বা অভিযানে তারা তাদের ভূমি ব্যবহার করতে দেবেন না। স্পেনের অর্থমন্ত্রী কার্লস কুয়েরপো এই যুদ্ধকে ‘একতরফা’ এবং ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। মূলত সরাসরি কোনো যুদ্ধে জড়াতে না চাওয়ার নীতি থেকেই স্পেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ন্যাটো (NATO) জোটের সদস্য হওয়া সত্ত্বেও মিত্র দেশগুলোর এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন থেকে মার্কিন যুদ্ধবিমানগুলোকে স্পেন ও ফ্রান্স এড়িয়ে দীর্ঘ এবং বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে হবে। তবে জীবন রক্ষাকারী বা মানবিক জরুরি প্রয়োজনে এই নিয়ম কার্যকর হবে না বলে জানানো হয়েছে। ইউরোপীয় মিত্রদের এমন বিরূপ অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক ও সামরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post