আমিরাতের তিন বন্দরে হামলার হুঁশিয়ারি ইরানের: বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার কড়া বার্তা দিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
সতর্কবার্তায় ইরানের পক্ষ থেকে দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের দাবি, এসব বেসামরিক স্থাপনার ভেতরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং তাদের বেশ কিছু গোপন অবস্থান শনাক্ত করা হয়েছে।
এই সামরিক উপস্থিতির কারণেই এলাকাগুলোকে এখন ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করছে ইরান। প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব বন্দরে সরাসরি হামলা চালানো হতে পারে। মূলত হামলার সময় বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ওই অঞ্চলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।