ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে জোট ছাড়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধে ন্যাটোর মিত্র দেশগুলোর সমর্থন না পাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে ভাবছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জোটের সদস্যপদ ত্যাগের পর ইরান যুদ্ধ শেষে পুনরায় যোগ দেওয়ার প্রশ্নই আসে না।
মূলত হরমুজ প্রণালি উন্মুক্ত করতে এবং ইরানের বিরুদ্ধে আক্রমণে মিত্র দেশগুলো সামরিক সহায়তা দিতে অস্বীকার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাম্পের অভিযোগ, ইউক্রেন সংকটের সময় যুক্তরাষ্ট্র ইউরোপের পাশে দাঁড়ালেও এখন মিত্ররা তাদের প্রতিদান দিচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই যুদ্ধে জড়াতে সরাসরি মানা করে দিয়েছেন, যার জবাবে ট্রাম্প ব্রিটিশ রয়্যাল নেভিকে ‘অকেজো ও সেকেলে’ বলে উপহাস করেন। স্টারমার অবশ্য পাল্টা জানিয়েছেন, তিনি দেশের স্বার্থ অনুযায়ী চলবেন এবং এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয়।
হোয়াইট হাউসের মতে, ইউরোপ আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সদস্যপদ নতুন করে পর্যালোচনার সময় এসেছে। এমনকি জার্মানি থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করার পরিকল্পনা করছেন ট্রাম্প। ন্যাটোর ‘আর্টিকেল ৫’ বা সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতা এই যুদ্ধে কার্যকর না হলেও মিত্রদের এই নিষ্ক্রিয়তাকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা নিরসনে মিত্রদের ছাড়াই কঠোর পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।
