হরমুজ প্রণালিতে মাইন সরাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘সমুদ্র-রোবট’
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে অত্যাধুনিক প্রযুক্তি ও ‘সমুদ্র-রোবট’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ১৯ এপ্রিল ২০২৬, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সামরিক বাহিনী এই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন শনাক্ত ও ধ্বংস করতে ড্রোন এবং বিশেষ রোবটের সমন্বয়ে নতুন অভিযান শুরু করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, আগে কোনো নৌপথ মাইনমুক্ত কি না তা পরীক্ষা করতে কয়েক সপ্তাহ সময় লাগত। এখন সমুদ্র-ড্রোন ব্যবহারের ফলে মাত্র কয়েক দিনেই বিশাল এলাকা জরিপ করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তিতে প্রথমে ড্রোন দিয়ে বিস্ফোরক শনাক্ত করা হয় এবং পরে বিশেষায়িত রোবট পাঠিয়ে সেগুলো নিরাপদভাবে ধ্বংস করা হয়। মূলত বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটিকে ঝুঁকিমুক্ত রাখতেই পেন্টাগন এই ‘মানববিহীন’ সক্ষমতার ওপর জোর দিচ্ছে।
এদিকে, মার্কিন এই তৎপরতার মধ্যেই ভিন্ন সুর শোনা যাচ্ছে ইরানের পক্ষ থেকে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক এই সংঘাতে ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে। তার ভাষ্যমতে, ইরান নিজেদের দাবি আদায় করতে পেরেছে বলেই কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের মূল নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একদিকে মার্কিন প্রযুক্তি আর অন্যদিকে ইরানের আধিপত্যের দাবি—উভয় মিলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন ভূ-রাজনৈতিক উত্তজনা তৈরি হয়েছে।
.png)