ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে মার্কিনদের সংশয়: জনপ্রিয়তা এখন তলানিতে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং খামখেয়ালি মেজাজ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬২ শতাংশ মার্কিনিই তার কর্মকাণ্ডের ওপর আস্থা হারিয়েছেন।
জরিপের ফলাফল অনুযায়ী, অর্ধেকেরও বেশি মার্কিনি মনে করেন গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে। এমনকি তার নিজের দল রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এই নিয়ে প্রবল বিভক্তি দেখা দিয়েছে। প্রায় ৪৬ শতাংশ রিপাবলিকানই এখন মনে করেন যে ট্রাম্প শান্ত মেজাজের মানুষ নন। সাধারণ জনগণের মাত্র ২৬ শতাংশ তাকে ধৈর্যশীল বলে মনে করেন।
মূলত ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি ট্রাম্পের ভাবমূর্তিতে বড় আঘাত হেনেছে। যেখানে পোপের প্রতি ৬০ শতাংশ মার্কিনির ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬ শতাংশ। শপথ নেওয়ার সময় যেখানে তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, মাত্র কয়েকমাসেই তা আশঙ্কাজনক হারে কমে যাওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
.png)