যুদ্ধবিরতি কি তবে ভেস্তে গেল? লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় আহত সহস্রাধিক!

 

যুদ্ধবিরতি লঙ্ঘন: লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ তণ্ডবলীলা ও সহস্রাধিক হতাহত

যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা থাকা সত্ত্বেও লেবাননের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের একাধিক শহরে এই তণ্ডবলীলা চালানো হয়। হারুফ, আল-দুওয়াইর এবং হাব্বুশ শহরের আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলো এই হামলার মূল লক্ষ্য ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ১,১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং পুরো শহরজুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। লেবাননের রেড ক্রস জানিয়েছে, শতাধিক অ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই পরিস্থিতিকে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ তুলেছেন যে, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিকতার তোয়াক্কা না করে সুপরিকল্পিতভাবে নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই অভিযানকে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে চালানো ‘সবচেয়ে বড় এবং সমন্বিত আঘাত’ বলে দাবি করেছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যদিও হামলার অধিকাংশ স্থানই ছিল ঘনবসতিপূর্ণ এলাকার প্রাণকেন্দ্রে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post