নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ: আহত ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে রাজাপুর খেয়াঘাটের ইজারা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি, এনসিপি এবং আওয়ামী লীগের সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইজারা সিডিউল জমা দেওয়ার সময় এই বিশৃঙ্খলা তৈরি হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার সিডিউল জমা দিতে আসেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা এনসিপি-র আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার এবং আওয়ামী লীগের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ মেম্বারের লোকজন। সিডিউল জমা দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দলগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে এবং একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জীবন বাঁচাতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের জেরে ইজারা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, ৪ জন দরদাতা সিডিউল দাখিল করেছেন এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হবে। তবে অফিসের বাইরে রাজনৈতিক দলগুলোর মারামারির বিষয়ে কোনো অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
.png)