মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া গ্রামে মো. রাকিব (২২) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর পৈশাচিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাকিব একটি ফ্যান কোম্পানিতে কাজ করতেন এবং পরিবারের সাথে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, রোববার রাত সাড়ে ১১টার দিকে একটি গাড়িতে করে আসা তিন যুবক রাকিবকে ‘কথা আছে’ বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তার বোন বাধা দিলেও তারা শোনেনি এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর রাত ২টার দিকে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরের পেছনের অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনো ধারালো অস্ত্রের জখম পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত রাকিবের মূল বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে হলেও তিনি গজারিয়াতে নানার বাড়িতে বড় হয়েছেন।
গজারিয়া থানা পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
.png)