ইরানের 'অ্যাটাক শিপ' ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের: উত্তেজনা তুঙ্গে
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ইরানকে সরাসরি সামরিক ধ্বংসের হুমকি দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের বন্দরগুলোতে যে অবরোধ আরোপ করা হয়েছে, তা ভাঙার চেষ্টা করলে ইরানের যেকোনো ‘অ্যাটাক শিপ’ বা আক্রমণকারী জাহাজ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।
ওয়াশিংটন সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) আনুষ্ঠানিকভাবে অবরোধ শুরুর পর এই কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর বড় অংশ ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত এবং তাদের ১৫৮টি জাহাজ সমুদ্রের তলদেশে রয়েছে। ইরানের হাতে থাকা অবশিষ্ট কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট যুদ্ধজাহাজগুলোকে এর আগে বড় হুমকি মনে না করলেও, বর্তমান পরিস্থিতিতে সেগুলোকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেছেন।
ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এই জাহাজগুলো যদি মার্কিন অবরোধের আওতাভুক্ত এলাকার আশেপাশেও আসে, তবে সেগুলোকে কোনো প্রকার সতর্কতা ছাড়াই গুড়িয়ে দেওয়া হবে। তিনি এই ব্যবস্থার তুলনা করেছেন সমুদ্রে মাদক ব্যবসায়ীদের নৌকা ধ্বংস করার কঠোর পদ্ধতির সাথে। মূলত ইরানের ওপর চাপ সৃষ্টি করতে এবং তাদের নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতেই যুক্তরাষ্ট্র এই মারমুখী অবস্থান গ্রহণ করেছে, যা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।
.png)