হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস সন্ধানে 'হামিদুল হক আর্মস অ্যান্ড কোং'-এর মালিক মাজেদুল হক ওরফে হেলালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার আদালত এই আদেশ প্রদান করে। এর আগে গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটির ফরেনসিক পরীক্ষায় ঘটনাস্থলের কার্তুজ ও বুলেটের সঙ্গে শতভাগ মিল পাওয়া গেছে। মাইক্রো অ্যানালাইসিসের মাধ্যমে উদ্ধার হওয়া সিরিয়াল নম্বর অনুযায়ী, পিস্তলটি ঢাকার একটি দোকান থেকে ২০১৭ সালে হাতবদল হয়ে ২০১৮ সালে চট্টগ্রামের ব্যবসায়ী হেলালের দোকানে যায়। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, হেলালের দোকানের লাইসেন্স ২০১৪ সালের পর আর নবায়ন করা হয়নি। লাইসেন্স ছাড়াই অবৈধভাবে রাখা এই অস্ত্রটি কীভাবে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের হাতে পৌঁছাল, তা জানতেই এই রিমান্ড কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে চলন্ত রিকশায় আততায়ীর গুলিতে আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিবি পুলিশের দেওয়া চার্জশিটে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ থাকলেও বাদীপক্ষ তাতে 'নারাজি' আবেদন করায় আদালত সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সিআইডি এখন এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব ও অস্ত্রের অবৈধ লেনদেনের শেকড় খুঁজে বের করতে কাজ করছে।
.png)