গাইবান্ধায় তেলের লাইনে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ছুরিকাঘাতে ৩ যুবক আহত!


 

গাইবান্ধায় পাম্পে তেল নিতে গিয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নেওয়ার লাইনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রেজওয়ানকে (২৭) হাতেনাতে আটক করেছে পুলিশ।

আহত যুবকরা হলেন— কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পাম্পটিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রেজওয়ানের মোটরসাইকেলের সঙ্গে অন্য এক যুবকের বাইকের সামান্য ঘষা লাগে। এই তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজওয়ান উত্তেজিত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনজনই রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সিহাবের শরীরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে স্থানীয় হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে ধৈর্য ধরার এবং শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Post a Comment

Previous Post Next Post