যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি তাণ্ডব: সাংবাদিকসহ প্রাণ হারালেন ৫ জন!

 

যুদ্ধবিরতির মাঝে লেবাননে ইসরায়েলি হামলা: সাংবাদিকসহ নিহত ৫

লেবাননের দক্ষিণ অঞ্চলে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

মূলত দুটি পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ জানায়, প্রথমে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এরপর ওই গ্রামেরই একটি ভবনে পুনরায় হামলা চালায় ইসরায়েল। সেখানে স্থানীয় গণমাধ্যম ‘আল আখবার’-এ কর্মরত সাংবাদিক আমাল খলিল আশ্রয় নিয়েছিলেন। হামলার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

লেবাননের স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সাংবাদিক আমাল খলিল ও তার এক সহকর্মী আগের একটি হামলার ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়েছিলেন। তারা যখন একটি ভবনে অবস্থান করছিলেন, ঠিক তখনই সেখানে হামলা চালানো হয়। ইসরায়েলের টানা আক্রমণের কারণে রেড ক্রসের উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও সময়মতো ওই এলাকায় পৌঁছাতে পারেননি, ফলে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।

এই ঘটনার পর লেবাননের তথ্যমন্ত্রী পল মার্কোস তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা কেবল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সাংবাদিকদের ওপর ইচ্ছাকৃত কোনো হামলা করা হয়নি। উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছে।

Post a Comment

Previous Post Next Post