যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবানন ফ্রন্টে হামলা বন্ধ করেনি ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রিন সিগন্যাল পাওয়ার পর বুধবার ভোর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই রক্তক্ষয়ী হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ জন লেবাননি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
চুক্তির শর্তানুযায়ী সব পক্ষ যুদ্ধ থামানোর কথা থাকলেও ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। বুধবার সকালে দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হন। এছাড়া রাস এল-আইন এলাকায় একটি গাড়িতে হামলায় আরও ২ জন প্রাণ হারান। ইসরায়েলি সামরিক মুখপাত্র ইতিমধ্যে টাইর শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননে একটি ‘বাফার জোন’ তৈরি করতে তারা এই অভিযান অব্যাহত রাখবে। লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে এবং গৃহহীন হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট বাস্তুচ্যুত মানুষদের এখনই নিজ গ্রামে না ফেরার অনুরোধ জানিয়েছে। একদিকে বড় শক্তিগুলোর মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চলছে, অন্যদিকে ইসরায়েলের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
.png)