ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ
ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভিটেমাটি থেকে তাড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা পরিকল্পিতভাবে যৌন নির্যাতন ও হয়রানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনি নারী, পুরুষ এমনকি শিশুদের ওপর এই ধরণের জঘন্য সহিংসতা চালানো হচ্ছে।
মানবাধিকার ও আইনি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের ওপর শারীরিক হামলার পাশাপাশি জোরপূর্বক নগ্ন করা, শরীরের বিভিন্ন অঙ্গে বেদনাদায়ক তল্লাশি এবং নাবালকদের সামনে অশালীন আচরণের মতো ঘটনা ঘটছে। এছাড়া ফিলিস্তিনিদের বেঁধে রেখে অপমান করা, নগ্ন অবস্থায় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে। গবেষকদের মতে, এই ধরণের সহিংসতার মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের ওপর প্রচণ্ড মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের ঘরবাড়ি ও জমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের গবেষকরা গত তিন বছরে অন্তত ১৬টি এই ধরণের বড় ঘটনার নথিপত্র সংগ্রহ করেছেন। তবে তারা মনে করছেন, সামাজিক মর্যাদা ও ভয়ভীতির কারণে অনেক ভুক্তভোগী বিষয়টি প্রকাশ করেন না, ফলে প্রকৃত অপরাধের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। মূলত ফিলিস্তিনি জনপদগুলোকে জনশূন্য করে সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতেই ইসরায়েলি বাহিনী এই অমানবিক কৌশল অবলম্বন করছে বলে মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
.png)