৪৮ ঘণ্টার চূড়ান্ত আলটিমেটাম: পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক নজিরবিহীন ও চরম বিধ্বংসী আলটিমেটাম দিয়েছেন। ৫ এপ্রিল রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো কার্যকর সমঝোতা বা শান্তি চুক্তি না হলে পুরো ইরান দেশটিকে উড়িয়ে দেওয়া হবে। এর আগে ইরানকে আলোচনার জন্য কয়েক সপ্তাহ সময় দেওয়ার কথা থাকলেও ট্রাম্প এখন তা কমিয়ে মাত্র কয়েক দিনে নামিয়ে এনেছেন।
এই চরম উত্তেজনার মূল কারণ হলো বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালি'। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ইরান এই নৌপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সাফ জানিয়েছেন, দ্রুত এই নৌপথ খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, বড় বড় সেতু এবং জাতীয় অবকাঠামোগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে যুদ্ধের প্রভাবে পুরোপুরি ‘তছনছ’ হয়ে গেছে এবং সময় যত যাবে দেশটির অবস্থা আরও ভয়াবহ হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, মার্কিন হামলার পর ইরানকে প্রতিদিন নতুন করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে কারণ তাদের সব সক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের মতে, ইতিহাসে কোনো দেশ এর আগে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি। মূলত ইরানকে কোণঠাসা করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতেই ওয়াশিংটনের এই মারমুখী অবস্থান, যা পুরো বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
.png)