হরমুজ প্রণালিতে আটকা পড়া বাংলাদেশি জাহাজের সহায়তায় এগিয়ে আসছে ইরান!

 

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল: ইরানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনৈতিক সম্মেলনের ফাঁকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী অন্য একটি জাহাজের নিরাপদ পারাপারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, হরমুজ পার হওয়ার অনুমতি পাওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে ইরান অন্তর্ভুক্ত করলেও সাম্প্রতিক উত্তেজনার কারণে ‘বাংলার জয়যাত্রা’ কয়েকবার চেষ্টা করেও প্রণালিটি পার হতে পারেনি। সর্বশেষ গত শুক্রবারও ইরানি নৌবাহিনীর অনুমতির অভাবে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরে ফিরে আসতে হয়েছে।

বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। তিনি চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ এবং গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বাংলাদেশের সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় ইরান সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় ইরান সরকারের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হবে।

Post a Comment

Previous Post Next Post