ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কি সত্যিই আহত?
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন এবং বর্তমানে তিনি একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়, তার পায়ে আঘাত লেগেছে, তবে তিনি সচেতন অবস্থায় আছেন।
অন্যদিকে, এই খবরটিকে সম্পূর্ণ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। তিনি টেলিগ্রামে এক বার্তায় জানান, পরিচিত সূত্রের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন যে মোজতবা খামেনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
তবে রহস্য আরও বেড়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি মন্তব্যে। সেখানে তাকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করা হলেও আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি হামলায় দীর্ঘদিনের শাসক আলি খামেনি নিহত হওয়ার পর তার ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে গত রবিবার নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। সাধারণত আড়ালে থাকতে পছন্দ করা এই নেতা দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত জাতির উদ্দেশে কোনো ভাষণ বা বিবৃতি দেননি। বর্তমানে তিনি সীমিত যোগাযোগ ব্যবস্থার মধ্যে অত্যন্ত নিরাপদ এক গোপন স্থানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।