গরু চোরের ফোনে এসআই-এর নম্বর! বাঞ্ছারামপুরে এলাহি তোলপাড়

 


চোর-পুলিশের ‘গোপন বন্ধুত্ব’: এসআই মাসুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক গরু চোরের সাথে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদের ‘গোপন যোগাযোগের’ খবর ফাঁস হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার দশানি গ্রাম থেকে মানিক মিয়া নামের এক ব্যক্তির গরু চুরি হয়। পরবর্তীতে এলাকাবাসী অভিযুক্ত চোর আলাল মিয়াকে আটক করে এবং তার বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার করে।

ঘটনার আসল রহস্য বেরিয়ে আসে যখন স্থানীয়রা আলাল মিয়ার মোবাইল ফোনটি জব্দ করেন। সেখানে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মোহাম্মদ মাসুদের সাথে নিয়মিত যোগাযোগের নানা আলামত পাওয়া যায়। ইমুতে ভয়েস মেসেজ, চ্যাট এবং কল হিস্ট্রি দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। অভিযুক্ত আলাল মিয়ার দাবি, তিনি চুরির আগেই এসআই মাসুদকে ফোন করে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং কোনো বিপদে পড়লে সহযোগিতাও চেয়েছিলেন। এর আগেও মাদক কারবার সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।

তবে এসআই মোহাম্মদ মাসুদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি লোকটিকে না চিনেই ইমুতে কথা বলেছেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, অভিযুক্ত চোরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশের কোনো সদস্যের সাথে তার অবৈধ যোগাযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post