ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এই বিশাল জ্বালানির চালানটি দেশে আসে, যা আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছে ডিপো কর্তৃপক্ষ।
আসাম থেকে এই ডিজেল পার্বতীপুর পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৬০ ঘণ্টা। বর্তমানে এই জ্বালানি পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে খালাস করা হয়েছে। মূলত উত্তরাঞ্চলের ৮টি কৃষিপ্রধান জেলায় সেচ কাজ নিশ্চিত করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেই এই বিশেষ সরবরাহ ব্যবস্থা।
২০১৭ সালের চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে এই পাইপলাইন দিয়ে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। চলতি মাসের শুরুতে এবং গত ১১ মার্চেও ৫ হাজার টন করে ডিজেল এসেছিল। আগামী সপ্তাহেই আরও একটি বড় চালান আসার কথা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে একদিকে যেমন খরচ কমছে, অন্যদিকে যাতায়াত বা রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটছে না। ফলে আসন্ন সেচ মৌসুমে উত্তরাঞ্চলে তেলের কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে।