ইরানের জাহাজ জব্দ ও হরমুজ প্রণালি বন্ধ: বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের একটি কার্গো জাহাজ জব্দের ঘোষণা এবং তেহরান কর্তৃক কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। আজ সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪.৭৪ শতাংশ বেড়ে ৯৪.৬৬ ডলারে পৌঁছেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮.৫৫ ডলারে ঠেকেছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয় যে হরমুজ প্রণালি দিয়ে, সেটি বন্ধ থাকায় এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে। কারণ এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ জ্বালানি এই পথেই আসে। পরিস্থিতি মোকাবিলায় চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশগুলো বিদ্যুৎ সাশ্রয়ে নানামুখী কঠোর পদক্ষেপ নিয়েছে। এমনকি ইউরোপেও জেট জ্বালানির তীব্র সংকট দেখা দেওয়ায় বড় পরিসরে ফ্লাইট বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ পাকিস্তানে পৌঁছানোর কথা থাকলেও ইরান তাতে অংশ নিতে অনীহা প্রকাশ করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে তাদের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে তেলের দাম যে হারে বাড়ছে, তাতে বিশ্বজুড়ে পরিবহণ ও উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে এই সংকট বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
.png)