এবার কি তবে কনডমের দামও বাড়ছে? ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হচ্ছে নতুন সংকট!

 


ইরান যুদ্ধের প্রভাবে বাড়তে পারে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর দাম

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্য সরবরাহে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর বাজারে। বিশ্বের বৃহত্তম কনডম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কারেক্স’-এর প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত জানিয়েছেন, চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মূলত যুদ্ধের ফলে বৈশ্বিক সরবরাহশৃঙ্খল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকেই এই সংকটের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। কনডম তৈরির প্রধান উপাদান ল্যাটেক্সের দাম ইতিমধ্যে ৩০ শতাংশ বেড়েছে। এছাড়া প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় ফয়েল ও প্লাস্টিকের দাম ২০-৩০ শতাংশ এবং লুব্রিকেন্টের দাম ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা নাইট্রাইলের ক্ষেত্রে, যার দাম প্রায় ১০০ শতাংশ বা দ্বিগুণ হয়েছে।

মালয়েশিয়াভিত্তিক কারেক্স বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে যা বিশ্বের ১৩০টি দেশে রপ্তানি হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন ও প্যাকেজিং খরচ বাড়ার পাশাপাশি জাহাজীকরণেও চরম বিলম্ব হচ্ছে। ফলে বিপুল পরিমাণ পণ্য গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝপথে আটকে আছে। যদিও বর্তমানে কোম্পানির কাছে কয়েক মাসের মজুত রয়েছে, তবে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বাজারে শুধু দামই বাড়বে না, বরং বড় ধরনের ঘাটতিও দেখা দিতে পারে। মূলত জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি পেট্রোলিয়ামজাত কাঁচামাল যেমন—সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার সরবরাহ ব্যাহত হওয়ায় এই জরুরি স্বাস্থ্যপণ্যটির বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।

Post a Comment

Previous Post Next Post