বগুড়ায় পহেলা বৈশাখে কৃষক কার্ড পাচ্ছেন ৩ সহস্রাধিক কৃষক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরীক্ষামূলক বা প্রাক্-পাইলটিং পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন কৃষক পেতে যাচ্ছেন বহুমুখী সুবিধাসম্পন্ন ‘কৃষক কার্ড’। আগামীকাল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং কৃষকদের হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেওয়া হবে।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা মূলত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচ-সুবিধা, সহজ শর্তে ঋণ, সরকারি ভর্তুকি, এবং মোবাইল ফোনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারের তথ্য। কার্ডটি একটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে, যা ব্যবহার করে কৃষকরা ডিলারের কাছ থেকে সার, বীজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবেন। শিবগঞ্জ উপজেলায় কার্ড পেতে যাওয়া ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে ১ হাজার ১৪১ জনই ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের। ইতিমধেই তাঁদের ব্যাংক হিসাবে এক বছরের সরকারি প্রণোদনা বাবদ ২ হাজার ৫০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রাক্-পাইলটিং শেষ হওয়ার পর আগামী আগস্ট থেকে ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষি বিমা ও ফসলের রোগবালাই দমনের পরামর্শ পাওয়ার সুযোগও তৈরি হবে, যা দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করে তুলবে।
.png)