মার্কিন আল্টিমেটাম উপেক্ষা: ট্রাম্পের হুমকির মধ্যেই হরমুজ পাড়ি দিল ৪ জাহাজ!

 

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা: হরমুজ প্রণালি পাড়ি দিল ৪টি ট্যাঙ্কার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালি ঘিরে মার্কিন সামরিক বাহিনীর (সেন্টকম) কড়া নজরদারির মধ্যেই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ৪টি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা থেকে ইরানের বন্দরগুলোতে নৌযান প্রবেশ ও বের হওয়ার ওপর মার্কিন অবরোধ কার্যকর করার ঘোষণা দেয় সেন্টকম। তবে এই সময়সীমা পার হওয়ার পরও গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মেরিন ট্র্যাফিকের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, সেন্টকমের বিবৃতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪টি বড় জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। এসব জাহাজকে তেল, গ্যাস এবং রাসায়নিকবাহী ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, এসব জাহাজের সাথে ইরানের সরাসরি কোনো ব্যবসায়িক সংযোগ পাওয়া যায়নি। এমনকি জাহাজগুলো তাদের গন্তব্য হিসেবে ইরানের কোনো বন্দরের নামও উল্লেখ করেনি, কিংবা ইরান থেকে পণ্য নিয়ে আসছে বলেও কোনো তথ্য মেলেনি।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে সাফ জানিয়ে দেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। তার দাবি, ইরান দীর্ঘ সময় ধরে এই রুটটি স্বাভাবিকভাবে চলতে দিচ্ছে না, তাই যুক্তরাষ্ট্র এখন কঠোর অবস্থানে যাচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও জাহাজগুলোর চলাচল বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post