বিশ্ববাজারে স্বর্ণের চড়া দাম: তিন সপ্তাহের রেকর্ড ভাঙল আউন্স প্রতি মূল্য
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়ে গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সমঝোতা এবং বিশ্ববাজারে ডলার ও জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে স্বর্ণের এই বড় উত্থান লক্ষ্য করা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭৯৫.৯৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের এক পর্যায়ে এই বৃদ্ধির হার ৩% ছাড়িয়ে গিয়েছিল, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮২৪.৭০ ডলারে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি করলেও ভবিষ্যতের অনিশ্চয়তা কাটেনি। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ আরও বেড়েছে। সাধারণত ডলার দুর্বল হলে এবং তেলের দাম কমলে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনে রাখা নিরাপদ মনে করেন, যার সরাসরি প্রভাব পড়ছে বর্তমান বাজার দরে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার উদ্যোগ স্বর্ণের দামকে এই মুহূর্তে বেশ শক্তিশালী অবস্থানে ধরে রেখেছে।
.png)