আইনি জটিলতায় নোরা ফাতেহি: মহিলা কমিশনের তলবেও অনুপস্থিত বলিউড তারকা
কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোরা ফাতেহির। গানটিতে ব্যবহৃত অশালীন শব্দ এবং নোরার দৃষ্টিকটূ নাচের ভঙ্গিমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে ভারতের জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার পর থেকেই জল আরও ঘোলা হতে শুরু করেছে।
এই মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) নোরা ফাতেহিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। তবে শুনানির দিন তিনি উপস্থিত হননি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারপারসন বিজয়া রহাটকর। নোরার এই অনুপস্থিতি সত্ত্বেও আইনি প্রক্রিয়া থেমে থাকছে না। কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছে এবং আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
উল্লেখ্য, গানের কথায় অশালীন ইঙ্গিত এবং শরীরী প্রদর্শনীর মাধ্যমে নারী মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। আইনি নোটিশ পাওয়ার পরও হাজির না হওয়ায় বিষয়টি নিয়ে নেটপাড়ায় আবারও নতুন করে পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আগামী ২৭ এপ্রিল নোরা ফাতেহি কমিশনের সামনে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন কি না।
.png)