পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ যৌন নিপীড়ন ও নির্যাতন
অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করতে এক ভয়াবহ ও ঘৃণ্য পথ বেছে নিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সম্প্রতি খিরবেত হামসা আল-ফাওকা গ্রামে ২৯ বছর বয়সী ফিলিস্তিনি যুবক কুসাই আবু আল-কাবাশের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।
গত ১৩ মার্চ মধ্যরাতে প্রায় ৭০ জনের একটি সশস্ত্র বসতি স্থাপনকারী দল বেদুইনদের ওই গ্রামে হামলা চালায়। কুসাই জানান, হামলাকারীরা তার তাঁবুতে ঢুকে তাকে এবং সেখানে থাকা দুই বিদেশি নারী কর্মীকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে তারা কুসাইকে জোরপূর্বক নগ্ন করে তার হাত-পা বেঁধে ফেলে। এমনকি তার যৌনাঙ্গে আঘাত করা হয় এবং প্লাস্টিকের জিপ টাই দিয়ে পুরুষাঙ্গ বেঁধে চরম অমানবিক ও যৌন নির্যাতন চালানো হয়।
প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই তাণ্ডবে কুসাইকে নগ্ন অবস্থায় মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলা হয়। হামলায় শিশুসহ আরও অনেক গ্রামবাসী আহত হন এবং হামলাকারীরা তাদের গবাদিপশু লুট করে নিয়ে যায়। কুসাইয়ের মতে, এই পাশবিক যৌন নিপীড়নের মানসিক ক্ষত তার শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি গভীর, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। মূলত ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে তাড়াতে বর্তমানে যৌন সহিংসতা ও নগ্ন করে হেনস্তা করার মতো নৃশংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
.png)