সুস্থ হয়ে ফিরছেন মোজতবা খামেনি: নেপথ্যে থেকে সামলাচ্ছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত
ইরানের বর্তমান শীর্ষ নেতা মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সেই একই হামলায় ৫৬ বছর বয়সি মোজতবা খামেনি মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন।
ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘ চিকিৎসার পর মোজতবা খামেনি এখন মানসিকভাবে সম্পূর্ণ সজাগ। বর্তমানে তিনি জনসমক্ষে না এলেও অডিও কনফারেন্সের মাধ্যমে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এবং যুদ্ধ সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্তে তিনি সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। যদিও মার্কিন গোয়েন্দাদের দাবি ছিল তিনি গুরুতর অঙ্গহানির শিকার হয়েছেন, তবে ইরানি সূত্রগুলো বলছে তিনি দ্রুত সেরে উঠছেন।
হামলার পর থেকে এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ছিল। তবে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, শারীরিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী এক-দুই মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে। আপাতত রাষ্ট্রীয় টেলিভিশন তাকে ‘আত্মত্যাগী’ নেতা হিসেবে অভিহিত করছে। ওয়াশিংটনের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের বৈঠক শুরুর আগমুহূর্তে মোজতবা খামেনির সক্রিয় হওয়ার এই খবর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
.png)