জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় তেল শোধনাগার গড়া জরুরি: সেনাপ্রধান
দেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দ্বিতীয় একটি তেল শোধনাগার বা রিফাইনারি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন যে, স্বাধীনতার এতদিন পার হলেও দেশে মাত্র একটি তেল শোধনাগার (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে, যা আমাদের মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে পারে। ফলে প্রয়োজনীয় জ্বালানির বড় একটি অংশই আমাদের বিদেশ থেকে পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়। এতে সরকারকে বিপুল পরিমাণ বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার বিষয়টি জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই খরচ কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নিজস্ব সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।
ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও শিক্ষাবিদদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান দেশের জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অংশগ্রহণকারী ফেলোরাও জানান, এ ধরনের কোর্স জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। জ্বালানি সংকট মোকাবিলায় এবং অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করতে একটি আধুনিক ও বড় পরিসরের দ্বিতীয় রিফাইনারি স্থাপন করা এখন জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে।
.png)