ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গট্টি এলাকার একটি নির্জন কলা বাগানের ভেতর বসে তিন যুবক মাদক সেবন করছেন। খবর পেয়ে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। এসময় সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
আটককৃতদের মধ্যে রাজীব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাজীব ও জিলাল সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসিন্দা এবং তুহিন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসিন্দা। সাজা প্রদানের পর তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ বিষয়ে জানান, সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক কারবারি ও সেবনকারী—উভয় পক্ষের বিরুদ্ধেই তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
.png)