পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: জরিপে তৃণমূল না বিজেপি, কার পাল্লা ভারী?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার লড়াই হচ্ছে সমানে সমান। একদিকে তৃণমূল কংগ্রেসের ‘দিদি’, অন্যদিকে বিজেপির ‘দিল্লি’—এই দুই শিবিরের শক্ত অবস্থানের কারণে রাজ্যজুড়ে এখন চরম অনিশ্চয়তা। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক টহল এবং নির্বাচন কমিশনের নজিরবিহীন কড়াকড়ির মধ্যে জনমনে এখন একটাই প্রশ্ন—শেষ হাসি কে হাসবে? আগামী ৪ মে ফলাফল প্রকাশের আগে বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার জরিপ এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।
বিভিন্ন সমীক্ষায় ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। 'সি-ভোটার', 'টাইমস নাউ' এবং 'এবিপি'র জরিপ অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে তৃণমূল ১৫৮টি আসন পেয়ে সরকার গড়তে পারে, যেখানে বিজেপির আসন সংখ্যা থাকতে পারে ১১৫-এর আশেপাশে। আবার 'ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া' এবং 'রিপাবলিক-সিএনএক্স'র মতে লড়াই হবে কাঁটে কা টক্কর; সেখানে বিজেপি ১৪৩ থেকে ১৪৭টি আসন পেয়ে সামান্য এগিয়ে থাকতে পারে। সবচেয়ে চমকপ্রদ তথ্য দিয়েছে 'ইন্ডিয়া টিভি', তাদের হিসেবে বিজেপি একাই ১৯২টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেতে পারে।
সবগুলো সমীক্ষার গড় বা ‘পোল অব পোলস’ বলছে, রাজ্য এবার একটি ‘ঝুলন্ত বিধানসভা’র দিকে এগোচ্ছে। গড় হিসেবে তৃণমূল ১৪১ এবং বিজেপি ১৩৮টি আসন পেতে পারে। অর্থাৎ, ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে তা নিয়ে খোদ সমীক্ষকরাও দ্বিধাবিভক্ত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অধীনে প্রায় পৌনে তিন লাখ কেন্দ্রীয় জওয়ানের কঠোর নজরদারিতে এবারের ভোট শাসক দল তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত জনমত কোন দিকে যায়, তা দেখতে এখন টানটান উত্তেজনায় কাঁপছে পশ্চিমবঙ্গ।
.png)